ফিরোজ হোসেন: সাতক্ষীরায় ইজিবাইক চালককে পথরোধ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে ৫ লাখ টাকা ও একটি ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের বাবুলিয়া হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।হামলায় আহত হয়েছেন সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে ফিরোজ আহমেদ আকাশ (২৬)। তিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আহত আকাশ ও তাঁর স্বজনদের অভিযোগ, সোমবার বেলা ১১টার দিকে আকাশ ৫ লাখ টাকা সঙ্গে নিয়ে ইজিবাইকে করে নানাবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথে বাবুলিয়া হাইস্কুলের সামনে পৌঁছালে বাঁশদহা গ্রামের সেলিম হোসেনের জামাই এবং আবাদের হাট এলাকার মল্লিকপাড়া গ্রামের সাজুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাঁর ইজিবাইকের গতিরোধ করেন। এ সময় তাঁরা হাতুড়ি দিয়ে আকাশের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। একপর্যায়ে তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা ও ইজিবাইক নিয়ে তাঁরা চলে যান বলে অভিযোগ করেন স্বজনরা।পরে স্থানীয় পথচারীরা গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।এদিকে হামলার ঘটনার বিষয়ে বাঁশদহা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, রোববার সাতানী গার্লস স্কুলের সামনে ড্রেসিং টেবিল নিয়ে যাওয়ার সময় আকাশ ও সেলিমের জামাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। পরে ওই রাতেই এএসআই সোহেলের উপস্থিতিতে বাঁশদহা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। সেখানে লিখিতভাবে উভয় পক্ষ শান্তি বজায় রাখার অঙ্গীকারও করে। এর পরও আকাশের ওপর হামলার ঘটনা শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন। আকাশের পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।