মুনসুর হেলাল (শ্যামনগর) প্রতিনিধি:সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অল্প সময়েই স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
চলতি বছরের মার্চ মাসে যাত্রা শুরু করা সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে তারা এলাকার বিভিন্ন কাঁচা ও ভাঙাচোরা রাস্তা সংস্কারে সহযোগিতা, দরিদ্র পরিবারের খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদান, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা এবং স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের মাধ্যমে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংগঠনটির বর্তমান সদস্যসংখ্যা প্রায় ৯৬ জন। কাশিমাড়ী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে গড়ে ওঠা এ সংগঠনটি ইতোমধ্যে কাশিমাড়ী ছাড়িয়ে পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর মানুষের কাছেও একটি মানবিক ও সেবামূলক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।
যুবসমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের সহযোগিতায় সংগঠনটি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সংগঠনের সকল সদস্যের সহযোগিতায় এক প্রতিবন্ধী মেয়ের জন্য একটি নিরাপদ বসতঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলমান রয়েছে।
সংগঠনের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সমন্বয় প্যানেলসহ সকল সদস্যের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, তাদের লক্ষ্য শুধু কাশিমাড়ী ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পুরো শ্যামনগর উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা আরও বিস্তৃত করা।
মানবতা, ঐক্য ও সেবার অঙ্গীকারকে সামনে রেখে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি ভবিষ্যতেও সমাজের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।