জি এম শফিকিল ইসলাম শ্যামনগর প্রতিনিধিঃ সবার জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণের লক্ষ্যে শ্যামনগর শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নবনির্মিত পানির প্ল্যান্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৪ জুন, বুধবার সকাল ১০টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই প্ল্যান্টটির উদ্বোধন করা হয়।
প্ল্যান্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জি এম শফিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা 'রূপান্তর'-এর ইসিআর ওয়াশ প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক তছলিম আহমেদ টংকার, প্রোগ্রাম অফিসার মো: রিফাত হোসেন এবং ইঞ্জিনিয়ার অসীম কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মহিলা ইউপি সদস্য মোছা: ফরিদা পারভীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় সুপেয় পানির তীব্র সংকট ছিল। এই অঞ্চলের মানুষের পানির কষ্ট দূর করার ক্ষেত্রে এই প্ল্যান্টটিই এখন একমাত্র ভরসা ও অবলম্বন হয়ে উঠবে।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম শফিউল আলমের সংক্ষিপ্ত বক্তব্য বলেন "আজ আমাদের শ্রীফলকাটি গ্রামবাসীর জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। নিরাপদ পানি সুস্থ জীবনের অন্যতম প্রধান শর্ত। শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই পানির প্ল্যান্টটি চালু হওয়ার ফলে আমাদের এলাকার দীর্ঘদিনের সুপেয় পানির অভাব দূর হবে। আমি ধন্যবাদ জানাতে চাই 'রূপান্তর' সংস্থাকে, যারা এই 'ইসিআর ওয়াশ প্রজেক্ট'-এর মাধ্যমে আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ রাখবো, আপনারা এই প্ল্যান্টটির সঠিক রক্ষণাবেক্ষণ করবেন যেন দীর্ঘ সময় ধরে আমরা এর সুফল পেতে পারি।"