লিটন:সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বিরাজ করছে চরম অস্বাস্থ্যকর পরিবেশ। বিভিন্ন ভবনের পাশে অপরিষ্কার ড্রেন ও যত্রতত্র জমে থাকা ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের অভ্যন্তরের একাধিক ড্রেন ও নালা দীর্ঘদিন পরিষ্কার না করায় ময়লায় ভরে গেছে। কোথাও কোথাও বর্জ্য জমে পানি চলাচল বন্ধ হয়ে আছে। ফলে পুরো এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান, সুস্থ হওয়ার আশায় হাসপাতালে এসে উল্টো দুর্গন্ধযুক্ত পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের জন্য এই পরিবেশ অত্যন্ত কষ্টদায়ক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার প্রধান এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন। এত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থার এমন বেহাল দশা কোনোভাবেই কাম্য নয়।
ভুক্তভোগীদের দাবি, দ্রুত ড্রেন পরিষ্কার করে ময়লা আবর্জনা অপসারণের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হোক। পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর আহ্বান জানান তারা।এ বিষয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আহমেদ জানান, কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিলে এই সমস্যা দ্রুত দূর হয়ে যাবে। এ বিষয়ে প্র পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।