রাকিবুল্যাহ সোহাগ ,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট গ্রামে পৃথক দুই দুর্ঘটনায় এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল ও দুপুরে ঘটে যাওয়া এ দুটি মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সকালে ধুমঘাট গ্রামের শীলতলা এলাকায় পুকুরের পানিতে ডুবে কৃষ্ণপদ বৈদ্য (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান কৃষ্ণপদ বৈদ্য। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চালিয়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ১টার দিকে ধুমঘাট গ্রামের মটেরচক এলাকায় আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পুকুরে থালা-বাসন পরিষ্কার করার সময় হঠাৎ বৃষ্টিবিহীন অবস্থায় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দুটি মৃত্যুর ঘটনায় ধুমঘাট গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি স্থানীয়রা গভীর সমবেদনা জানিয়েছেন।