আবু রায়হান: দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়ন ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারের স্বাবলম্বী করার লক্ষ্যে সহায়তা প্রদান করেছে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৩০টি দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন ধরনের জীবিকা সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ১৫টি পরিবারকে দুইটি করে ছাগল এবং ১৫টি পরিবারকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় এলাকার দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে শুধুমাত্র এককালীন সহায়তা দেওয়ার পরিবর্তে তাদের আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ছাগল পালন ও সেলাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নিয়মিত আয় করার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব রুহুল আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন এবং এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য জনাব শারাফাতুর রহমান।
ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় জনপদের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
স্থানীয়রা রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম অসহায় পরিবারগুলোর জন্য নতুন আশার সঞ্চার করবে এবং তাদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।