
শ্যামনগর প্রতিবেদক:কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী– সিআরইএ প্রকল্পের আওতায় জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) এর আয়োজনে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ড এবং চট্টগ্রামে তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২৪ মে ২০২৬ ( রবিবার ) বেলা ০৩ টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে লিডার্স,মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও নারী সহিংসতার ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দিচ্ছে।কিন্তু অনেক ঘটনায় বিচার বিলম্বিত হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এতে অপরাধ প্রবণতা আরও বাড়ছে।তারা আরও বলেন, শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।মানববন্ধনে বক্তারা শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি করেন। একই সঙ্গে সারাদেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।