জিয়াউর রহমান শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মোবাইল টাওয়ার থেকে পড়ে মাসুম হোসেন (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গ্রামীণফোনের একটি মোবাইল টাওয়ার থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম হোসেন উপজেলার বংশীপুর গ্রামের মজিদ গাজীর ছেলে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে মাসুম ওই মোবাইল টাওয়ারে ওঠেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি টাওয়ার থেকে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গভীর রাতে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি শ্যামনগর থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।’