শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে মটরসাইকেল-ইজিবাইক দুর্ঘটনায় আসাদ গাজী (২০) নামে এক যুবক মারা গেছে। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরে পাউবো'র অফিসের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। সে চন্ডিপুর গ্রামে আব্দুস সাত্তার গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শী তামিম জানান, শ্যামনগর নকিপুর বাজার হতে মটরবাইক যোগে দ্রুত বেগে বাড়িতে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক হতে আসা একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ওসি মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।