রাকিবুল্যাহ সোহাগ , শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এন বি প্রি-ক্যাডেট একাডেমির অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষের ইবতেদায়ি ৫ম শ্রেণি ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে অর্ধ-বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস.এম. লুৎফর রহমান এবং নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুল হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মোঃ অহিদুজ্জামান।
এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ইবতেদায়ি ৫ম শ্রেণি ও দাখিল ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষভাবে সম্মানিত করা হয়। কৃতিত্বের স্বীকৃতি পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মেধার স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে এন বি প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মাদরাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।