জিয়াউর রহমান: শ্যামনগরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ৩৬ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৫ জন নারী। হঠাৎ করে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, বর্ষা মৌসুমে বাড়ির আশপাশ, ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্রসহ বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা বংশবিস্তার করে। এসব প্রজননস্থল নিয়মিত পরিষ্কার না করা এবং জনসচেতনতার ঘাটতির কারণে ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে দিনের বেলায় এডিস মশার কামড় থেকে সুরক্ষা না নেওয়াও আক্রান্তের অন্যতম কারণ।স্থানীয়রা বলছেন, শুধু প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রত্যেক পরিবারকে নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। সপ্তাহে অন্তত একদিন বাড়ির আঙিনা, ছাদ ও অন্যান্য স্থানে জমে থাকা পানি পরিষ্কার করলে এডিস মশার প্রজনন অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনবহুল এলাকাতেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো প্রয়োজন।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জিয়াউর রহমান জানান, গত ৩৬ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গুরোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে চার শয্যার একটি ডেঙ্গু কর্নার চালু রয়েছে। তবে রোগীর তুলনায় শয্যা সংখ্যা কম হওয়ায় অনেক সময় ডেঙ্গুরোগীদের সাধারণ রোগীদের সঙ্গে রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে উপজেলা জুড়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য জনগণকে বলা হচ্ছে। প্রয়োজন ছাড়া নিজে থেকে ওষুধ সেবন না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রাশেদ হুসাইন বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে নিয়মিত সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বসতবাড়ির আশপাশ, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা বর্ষার পানি দ্রুত অপসারণ করতে বলা হচ্ছে। এসব স্থানে যাতে এডিস মশা বংশবিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।