নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সোনাখালী গ্রামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ঘরের চাল ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপার অলংকার ও নগদ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত সোমবার দুপুরে সোনাখালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজ ঢালীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী শাহানারা পারভীন (৫৭) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ঘরের চাল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে একটি আলমারির তালা ভেঙে সেখানে থাকা স্বর্ণ ও রুপার অলংকার, নগদ ৫০ হাজার টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে—তিনটি নেকলেস, সাতটি আংটি, ১২টি নাকফুল, এক জোড়া স্বর্ণের রুলি, দুই জোড়া পায়েল, দুই জোড়া কানের দুল, তিনটি স্বর্ণের চেইন, এক জোড়া পায়ের নূপুরসহ বিভিন্ন অলংকার। অভিযোগে স্বর্ণালংকারের পরিমাণ ১২ ভরি এবং রুপার অলংকারের পরিমাণ ১০ ভরি উল্লেখ করা হয়েছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন অভিযোগকারী।ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সরেজমিনে এলাকায় গিয়ে আইয়ুব আলী, মতিয়ার রহমান গাজী, আরিফুল ইসলাম সানা, আলমগীর হোসেনসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হলে তারা অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজ ঢালীর বাড়িতে দিনদুপুরে চুরির ঘটনা সম্পর্কে অবগত থাকার কথা জানান।
প্রকাশ্য দিনের বেলায় এমন চুরির ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।এ ঘটনায় চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।