জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দ্বীপরাজ হাউলি (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দ্বীপরাজ হাউলি শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের গৌতম হাউলির ছেলে। সে স্থানীয় প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার বাড়িতে পূজা উপলক্ষে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর দ্বীপরাজ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।