প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৯:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
শ্যামনগরের নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ

মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু। বিশেষ অতিথি ছিলেন নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান।
প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুর রউফ। এ সময় মাওলানা মঈনুদ্দিন মাহমুদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবাগত আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের দ্বীনি ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনাকে স্মরণীয় করে রাখতে সবক প্রদান করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা অহিদুজ্জামান।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও দায়িত্বশীলতার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবাগত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
https://satnadee.com/