মোঃ ইকবাল হোসেন বল্লী ইসলামী সমাজকল্যাণ পরিষদের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত 'জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বল্লী ফুটবল একাদশকে ২–০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভাটপাড়া ফুটবল একাদশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে বল্লী মোঃ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগিয়ে দুটি গোল করে জয় নিশ্চিত করে ভাটপাড়া ফুটবল একাদশ।
খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার টুরস অ্যান্ড ট্রাভেল-এর স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব ফিরোজ সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শামসুর রহমান, মফিজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. অলিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন খালিদ বিন ওয়ালিদ ও আতাউর রহমান।
ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন নাফিস। ধারাভাষ্য প্রদান করেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন।
খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের ছিল ব্যাপক উচ্ছ্বাস। রোমাঞ্চকর এই জয়ের মাধ্যমে ভাটপাড়া ফুটবল একাদশ টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে।