মোঃ ইকবাল হোসেন:সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গায় ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় স্থানীয় শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি ও এস এম ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এস এম ফুটবল একাডেমিকে ৩-১ গোলে পরাজিত করে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি বিজয় অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর মাওলানা মাসুম বিল্লাহ, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আবু জাফর, ইউপি সদস্য পদপ্রার্থী আব্দুল হাকিম ও রেজাউল করিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বিশ্বাস ও ইউপি সদস্য শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই। এছাড়াও উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান এবং এস এম ফুটবল একাডেমির ম্যানেজার ও কোচ মোজাম্মেল হক তিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির খেলোয়াড় রাজু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় আলী আহসান নাসিমের পক্ষ থেকে।
অন্যদিকে, এস ডি সংঘ ক্লাবের সদস্য জয়নাল আবেদীনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিশেষ এই পুরস্কারটি ছিল বিসমিল্লাহ কুকারিজ, আবাদের হাটের সৌজন্যে।
ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন রেজাউল ইসলাম বাবুল ও আলাউদ্দিন। খেলার ধারাভাষ্য প্রদান করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু নাঈম।
খেলাটি উপভোগ করতে শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে অসংখ্য দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং নতুন প্রতিভাবান ফুটবলার তৈরি করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।