প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১:১৮ এ.এম
লকডাউন কর্মসূচি ঘিরে খুলনা-গোপালগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মেহেদী হাসান, খুলনা থেকে: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে মাওয়া রুটে খুলনা থেকে গোপালগঞ্জ ও ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার দুপুর ১টার পর থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, দোলা, এনাসহ বিভিন্ন পরিবহনের বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আগাম টিকিট কেটে রাখা অনেক যাত্রী বুধবার বিকেল ও সন্ধ্যায় কাউন্টারে এসে বাস চলাচল বন্ধের খবর জানতে পারেন। এতে বিশেষ করে দূরদূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে আসা যাত্রীরা বিপাকে পড়েন।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের দৌলতপুর কাউন্টারের ব্যবস্থাপক নাঈম হোসেন বলেন, ‘লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে মালিকপক্ষ বুধবার দুপুর ১টার পর থেকে বাস চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ কারণে মাওয়া রুটে সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।’
তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেল থেকে মাওয়া রুটে পুনরায় বাস চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নতুন রাস্তার মোড় কাউন্টারের কর্মী রামু জানান, বুধবার দুপুরের পর থেকে ওই কাউন্টারে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না। তবে পরিবহনটির সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকার প্রধান কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করেও সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
সন্ধ্যায় সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা দিশেহারা হয়ে পড়েছেন। আগাম টিকিট থাকা সত্ত্বেও গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কেউ বিকল্প পরিবহনের খোঁজ করছেন, আবার কেউ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
কয়রা উপজেলা থেকে জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য খুলনায় এসেছেন উন্নয়নকর্মী রাশিদুল ইসলাম। তিনি বলেন, ‘বাস বন্ধের খবর আগে জানালে অন্য ব্যবস্থা করতাম। এখন চেষ্টা করে দেখব যশোর রুট হয়ে যাওয়া যায় কি না।’
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দূরবর্তী উপজেলা থেকে আসা যাত্রীরা। আগাম টিকিট কাটা যাত্রীদের বাস বন্ধের সিদ্ধান্ত আগে থেকে জানানো হলে এমন ভোগান্তি এড়ানো যেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Copyright Satnadee 2026