সংবাদদাতা: রাজধানীর কারওয়ান বাজারের ফোয়ারা সংলগ্ন মাঠ ও পার্কে মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ। মাদকসেবীদের মধ্যে মাদকের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি তরুণ সমাজকে সচেতন করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কারওয়ান বাজারের ফোয়ারা সংলগ্ন মাঠ ও পার্কে সংগঠনটির সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মাদকসেবীদের উদ্দেশে মাদকের ক্ষতিকর দিক ও ভয়াবহতা তুলে ধরেন রাইট টক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন এম তাওহীদ।
এ ছাড়া মাঠ ও পার্কে খেলাপ্রেমী তরুণ-যুবকদের মাদক সম্পর্কে সচেতন করার পাশাপাশি উপস্থিত বিভিন্ন বয়সী মানুষের প্রতি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে রাইট টক বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন এম তাওহীদ বলেন, পুরো দেশ মাদকে ছেয়ে গেছে। তরুণ ও যুবসমাজ ধ্বংসের পথে। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের অলিগলিতে মাদক ব্যবসায়ী ও সেবীদের আনাগোনায় সাধারণ মানুষ অতিষ্ঠ। এতে জননিরাপত্তাসহ নানা ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, রাইট টক বাংলাদেশের সদস্যরা সবসময় মাদকের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম দেশজুড়ে চালিয়ে যাবেন। তারা একটি মাদকমুক্ত দেশ ও সমাজ চান। এখনই মাদকের ভয়াবহতা রুখে দেওয়া না গেলে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
আল আমিন এম তাওহীদ আরও বলেন, মাদকের কারণে পারিবারিক সহিংসতা ও হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি মাদকমুক্ত দেশ গড়তে সবাইকে সংগঠনের পাশে থাকার আহ্বান জানান।
মাদকবিরোধী এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন এমএ রুমেল, ইসরাফিল হোসেন, সেলিম, এসকে আনিস, তারান্নুম, সুমন রানা, মাহিম, নাইমুল আরিফ, জাহিদুল, তালহা, প্রিন্স, সাদমান, মাজহারুল ইসলাম, আব্দুল্লাহসহ আরও অনেকে।