আরিফুল ইসলাম:আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণপাড়ায় দীর্ঘদিনের বেহাল একটি ইটের সোলিং রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কার কাজের শুভসূচনা করা হয়। দক্ষিণপাড়ার 'হুজাইফা ডেকোরেটর'-এর বাড়ি থেকে 'কিনাবাড়ি' পর্যন্ত বিস্তৃত এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও যাতায়াতের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষাকালে কাদা ও পানি জমে শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ পথচারীদের ভোগান্তি চরম আকার ধারণ করত।
সংস্কার কাজ তদারকিকালে অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, "সাধারণ মানুষের যাতায়াতের কষ্ট দূর করাই আমার প্রথম অগ্রাধিকার। কোনো পদের অপেক্ষায় না থেকে নিজ সামর্থ্য অনুযায়ী এলাকার জরুরি জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের পাশে থাকার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।"
সড়ক সংস্কারের কাজ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলামসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অ্যাডভোকেট শহিদুলের এই ব্যক্তিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত কাজ শেষ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় এলাকাবাসী।