
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত আলহাজ্ব আব্দুল করিম গাইনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত আব্দুল করিম গাইন উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের আশারাফ আলী গাইনের ছেলে। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি বা কাজের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি। কেউ ৭ লাখ, কেউ ১০ থেকে ১৪ লাখ, আবার কেউ ১৮ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন বিদেশ যাওয়ার আশায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, বছরের পর বছর পেরিয়ে গেলেও কেউ বিদেশ যেতে পারেননি, এমনকি টাকা ফেরতও পাননি। বরং টাকা ফেরতের দাবি জানালে বিভিন্নভাবে হয়রানি এবং দেশের বিভিন্ন জেলায় মিথ্যা মামলার ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলেন তারা।এদিকে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) একটি প্রতারণা মামলায় নড়াইল সদর থানা পুলিশ অভিযুক্ত আব্দুল করিমকে আটক করে কালিগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে তাকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ থানার সামনে জড়ো হন। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগীদের মধ্যে মারুফ হোসেন, আরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, ফরিদ হোসেন, সোহরাব হোসেন, আকবর হোসেন, মশিউর রহমান, আবুল কাশেম গাইন, মুজাহিদুল ইসলাম, রুহুল আমিন গাজী, শাহিনুর রহমান, আবু বক্কার গাইনসহ অনেকে। বক্তারা বলেন, “বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়ে আমাদের সর্বস্ব লুটে নেওয়া হয়েছে।
এখন আমরা নিঃস্ব। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং অর্থ ফেরত দিতে হবে।”স্থানীয়দের অভিযোগ, আব্দুল করিম দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে এলাকায় অনুপস্থিত ছিলেন।
কখনো বিদেশে, আবার কখনো ঢাকায় অবস্থান করে আত্মগোপনে ছিলেন বলে দাবি করেন তারা। প্রায় পাঁচ বছর ধরে তিনি নিয়মিত এলাকায় আসেন না বলেও জানান ভুক্তভোগীরা। মানববন্ধন শেষে অংশ গ্রহণকারীরা দ্রুত কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।