প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ১০:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা আদম আলী

নিজস্ব প্রতিবেদক: প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক বিএনপি নেতা। দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত মানতে না পারার কথা জানিয়ে ফেসবুকে দেওয়া তার একটি পোস্ট ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
ওই নেতার নাম আদম আলী। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সদস্য।
গত শনিবার বিকেলে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নেওয়াকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ওই অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁর সঙ্গে থাকা কয়েকজনের অস্ত্র প্রদর্শন এবং এক তরুণকে লাথি মারার দৃশ্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এ ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিতর্ক তৈরি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পরে আজ সোমবার (১৯ অক্টোবর( দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।
এদিকে, ইশরাক হোসেনের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে অসন্তোষ প্রকাশ করেন আদম আলী। তার পোস্টে লেখা হয়, ‘আমরা আপনাকে ভালোবাসি.... আজকের সিদ্ধান্ত মেনে নিতে পারলাম না... সর্বোচ্চ কারণ দর্শানোর নোটিশ করা যেতো। আজকের ঘটনা বলে দিচ্ছে বিএনপির ভবিষ্যৎ.... অন্ধের মত দলের সকল সিদ্ধান্ত মেনে নিতে পারলাম না। আমরা আপনাকে ভালোবাসি......’
আদম আলীর ওই পোস্টে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টটির মন্তব্যের ঘরে মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলও নিজের মতামত তুলে ধরেন।
তিনি মন্তব্যে লেখেন, দলের দুর্দিনে সাহসী পুরুষ ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দলের নেতৃত্বে আর আসবে আমার মনে হয় না। কারণ মদ খোরদের প্রতি সহানুভূতি দেখাতে গিয়ে যদি প্রতিমন্ত্রীর পদ হারাতে হয় তাহলে আমার মনে হয় তারা দেশের ভবিষ্যৎ।
ইব্রাহিম খলিলের এই মন্তব্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীদের একটি অংশ মনে করছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দলকে সুশৃঙ্খল করার উদ্যোগ নিচ্ছেন, তখন দলীয় সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে এমন অসন্তোষ প্রকাশ সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্ন তুলতে পারে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে আদম আলীর মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
https://satnadee.com/