নিজস্ব প্রতিবেদক :সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার শাকদাহে কয়েকজন ইজিবাইক চালকের বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা ও পাটকেলঘাটা এলাকার ইজিবাইক চালকদের মধ্যে চলমান বিরোধের কারণে পাটকেলঘাটার চালকরা যাত্রীদের শাকদাহ এলাকায় নামিয়ে দিচ্ছেন। এতে ফাঁকা ও জনশূন্য স্থানে নেমে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
এমন পরিস্থিতিতে নগরঘাটা গ্রামের কয়েকজন ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে একটি ইজিবাইক রিজার্ভ ভাড়ায় নেন। ইজিবাইকটি যাত্রীদের নিয়ে যাওয়ার সময় একবার বাধার মুখে পড়লেও বিষয়টি ব্যাখ্যা করলে চালককে যেতে দেওয়া হয়। তবে ৫ থেকে ১০ মিনিট পর যাত্রীদের নিয়ে ফেরার পথে আবারও কয়েকজন ইজিবাইক চালক তাদের পথরোধ করেন।
অভিযোগে আরো বলা হয়, এ সময় সঙ্গে থাকা আলামিন নামের এক ব্যক্তি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে জিআই রড হাতে তেড়ে আসেন। নিরাপত্তার স্বার্থে তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে অভিযুক্তরা আপত্তিকর মন্তব্য করেন।ঘটনার ভিডিও তাদের কাছে সংরক্ষিত ছিল।
এ সময় ইমন নামে এক ব্যক্তি এসে ভিডিও মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন এবং অভিযোগ অনুযায়ী, মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করার পর সেটি ফেরত দেন।
অভিযোগকারীরা পাটকেলঘাটা এলাকার নেতাকর্মীদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইজিবাইক চালকদের বক্তব্য পাওয়া যায়নি।