প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৮:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
পাটকেলঘাটায় হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ

শাহীন বিশ্বাস, পাটকেলঘাটা থেকে: সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাদিকাটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের নারীদের খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত করার প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে বিল্লুমঙ্গল দাশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিদেশি একটি সংস্থার নাম ব্যবহার করে বিল্লুমঙ্গল দাশ গ্রামের অসহায় ও সহজ-সরল নারীদের বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা করছেন। এর মধ্যে সপ্তাহে এক থেকে দুই কেজি আটা দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগও রয়েছে।
এ ঘটনায় কাদিকাটি গ্রামের মন্দিরের সামনে স্থানীয়দের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিল্লুমঙ্গল দাশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা।
স্থানীয় শিবুপদ দাশ অভিযোগ করেন, বিদেশি সংস্থার নাম ব্যবহার করে গ্রামের অসহায় নারীদের জন্য অর্থ সংগ্রহ করে তা আত্মসাতের অভিযোগ রয়েছে বিল্লুমঙ্গল দাশের বিরুদ্ধে। এ বিষয়ে দুদকের প্রধান কার্যালয়, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।
সভায় উপস্থিত গ্রামবাসীরা ধর্ম পরিবর্তনকারীদের সঙ্গে সামাজিক সম্পর্ক না রাখার বিষয়ে মত দেন। তবে কাউকে ধর্ম পরিবর্তনে বাধা দেওয়া যাবে না বলেও সভায় উল্লেখ করা হয়।
সভায় খলিষখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, ইউপি সদস্য সুবীর দাশ, সাংবাদিক শাহীন আলম, বিএনপি নেতা ইমান আলী, অসীম দাশ, মনিরুল ইসলাম, সঞ্জয় দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অভিযোগের বিষয়ে বিল্লুমঙ্গল দাশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
https://satnadee.com/