
এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) :
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ভৈরবনগর নামক স্থানে গতকাল রাতেরহস্যজনকভাবে একটি লাল রঙের ডিসকভার মোটরসাইকেল কে বা কারা ফেলে রেখে যায়।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের কোনো এক সময় কে বা কারা বাইকটি সেখানে রেখে স্থান ত্যাগ করে। সকালে পথচারীদের নজরে এলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে দেখা যায়, মোটরসাইকেলটি রেজিষ্ট্রেশন বিহীন।
এদিকে রহস্যজনকভাবে পাশের একটি পুকুরে লাল রঙের একটি হেলমেট ভাসতে দেখা যায় এবং রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায় একটি শার্ট ও প্যান্ট। এসব দেখে স্থানীয়দের মধ্যে আরও উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি হয়। এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। তবে এর মালিকানা বা কী কারণে এসব ফেলে রাখা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় সন্দেহের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে পাটকেলঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আইনি প্রক্রিয়ায় গাড়িটির মালিকানা যাচাই করার চেষ্টা চালাচ্ছি। এরপর ব্যবস্থা নেওয়া হবে।