আব্দুর রহমান: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সুরুলিয়া ইউনিয়নের খদ্দে খানপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর, চাঁদা দাবি ও জমির ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগকারী পক্ষ জানিয়েছে। এ ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। এতে গনি খান (৪০), রনি খান (২৯), মরিয়ম খান (৬০), শাহিদা বেগম (৩০) ও ফয়েজ খানসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ফয়েজ খানের অবস্থা আশঙ্কাজনক বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আবদুল গনি খান বাদী হয়ে সাতক্ষীরার আমলি আদালত-৬-এ মামলা করেন। মামলায় ডা. খায়রুজ্জামান খান, আলম খান, জাহাঙ্গীর খান, বাবুল খান, মাসুদ খান, আতাউল রহমান ও আবদুর রকিব খানকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর সকালে ডা. খায়রুজ্জামান খান সাইদা বেগমকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়া এবং তাঁর স্বামী
প্রতিবাদ করায় তাঁকে মারধর ও টানাহেঁচড়া করা হয়। শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া ৯ সেপ্টেম্বর বিকেলে গনি খানের ২৩ শতক জমিতে গরুর খাবারের জন্য লাগানো ঘাসের নেটের বেড়া ভেঙে কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিরোধের মূল বিষয় জমির জায়গা নিয়ে। তবে তিন লাখ টাকা চাঁদা দাবি কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগের বিষয়ে তাঁরা নিশ্চিত নন। অভিযোগকারী পক্ষের দাবি, ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ধসঢ়;ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।