প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ আ’লীগ নেতাসহ গ্রেফতার ১৪

পাইকগাছা প্রতিবেদক: খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে থানা পুলিশ। গত ২৪ ঘণ্টার ধারাবাহিক এই অভিযানে রাজনৈতিক মামলার এক এজাহারনামীয় নেতাসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক একরামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা যায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রাম থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের স্থানীয় নেতা মান্নান হাজরাকে (৫৭) আটক করা হয়। ২০২৪ সালে থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, ২৪ ঘণ্টার এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে জুয়া আইনের মামলায় ৬ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জন, নিয়মিত মামলার ২ জন এবং মাদক আইনের মামলায় ৩ জনসহ অন্যান্য অপরাধে জড়িতরা রয়েছেন। এছাড়া গভীর রাত পর্যন্ত চলাচল করার অপরাধে সোলাদানা থেকে ৪জন আটক করা হলে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত বা সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় (সামারি ট্রায়াল) বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সমাজ থেকে মাদক, জুয়া, কিশোর গ্যাং এবং সব ধরনের অপরাধের মূলোৎপাটনে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল আউয়াল কবির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনার আলোকেই এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এদিকে পুলিশের এই ধারাবাহিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ও জুয়ার গডফাদারদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
https://satnadee.com/