প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৯:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
পাইকগাছায় ডেঙ্গুর থাবায় ঝরল অ্যাম্বুলেন্স সহকারী অপুর প্রাণ

পাইকগাছা প্রতিবেদক: খুলনার পাইকগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাজাহারুল মুন্না অপু (১৭) নামের এক কিশোরের অকাল মৃত্যু হয়েছে। তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সোয়া আটটার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে (হেলথ কেয়ার ক্লিনিক) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সে উপজেলার গড়ইখালী ইউনিয়নের শান্তা বাসিন্দা মাসুম বিল্লাহ সরদার ও বেলী বেগম দম্পতির ছেলে। অপু ছোটবেলা থেকে ভিলেজ পাইকগাছা গ্রামে নানার বাড়িতে থাকতো। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আসরবাদ ভিলেজ পাইকগাছা উত্তর পাড়া শাহী জামে মসজিদে মরহুমের জানানা শেষে গ্রামের সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন হয়- জানিয়েছেন ইউপি সদস্য আজিজুল ইসলাম লাভলু।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে অপুর শরীরে প্রচণ্ড জ্বর দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়। শুরুতে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনায় স্থানান্তর করা হয়। সেখানকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উল্লেখ্য, পাইকগাছায় ডেঙ্গুর প্রকোপে এটিই প্রথম মৃত্যুর ঘটনা নয়। এর আগে গত ৫ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক তাপস কুমার মন্ডল। একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকায় ডেঙ্গু আতঙ্ক আরও ঘনীভূত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন।
https://satnadee.com/