মাসুদ রানা:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর পশ্চিম থানা শাখার উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বৈকারী আইডিয়াল সৃজনশীল কোচিং সেন্টারে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সদর পশ্চিম থানা শাখার সভাপতি সিয়াম হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার মিডিয়া ও কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ মাসুদ রানা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শাখার এইচআরডি ও ছাত্র অধিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।এছাড়া আরো উপস্থিত ছিলেন, আইডিয়াল সৃজনশীল কোচিং সেন্টারের পরিচালক মোঃ আয়ুব হোসেন, মোঃ রনি হোসেন ও সদর পশ্চিম থানার এইচআরডি সম্পাদক আরাফাত হোসেন ।প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ রানা রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "রাসুলুল্লাহ (সা.) কেবল একটি নির্দিষ্ট যুগের জন্য নন, বরং কেয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য উত্তম অনুকরণীয় আদর্শ (উসওয়াতুন হাসানাহ)। বর্তমান পৃথিবীর নানামুখী নৈতিক সংকট ও বিভ্রান্তি থেকে বাঁচতে হলে তরুণ সমাজকে বিশ্বনবীর সিরাত থেকে হেদায়াত গ্রহণ করতে হবে। ছাত্রসমাজকে রাসুল (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সত্য, সততা ও সুন্দরের পথে ধাবিত হতে হবে। আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী (সা.)-এর সুন্নাহ ও সিরাত অনুসরণ করতে হবে। সৎ, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সিরাতুন্নবীর চর্চার কোনো বিকল্প নেই।মহানবীর শিক্ষা অনুযায়ী নিজেদের সৎ, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই হোক আমাদের প্রধান অঙ্গীকার ।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।