
আবু রায়হান,শ্যামনগর: নিহত আমিনুর রহমানের পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন সাতক্ষীরা জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক ডা. মোঃ মনিরুজ্জামান। উপকূলীয় এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদ উপলক্ষে তিনি এই মানবিক সহায়তা প্রদান করেন।
জানা যায়, সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বনকর্তাদের গুলিতে নিহত হন আমিনুর রহমান। তার পরিবারের দায়িত্ব গ্রহণ করে নিয়মিত খোঁজখবর ও সহযোগিতা করে আসছেন ডা. মণিরুজ্জামান। ঈদ উপলক্ষে তার পাঠানো উপহার ১২ নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাসুদুল আলমের কাছে পৌঁছে দেওয়া হয়। পরে চেয়ারম্যানের মাধ্যমে নিহত আমিনুর রহমানের পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এদিকে ৯ নং সোরা যুবদলের পক্ষ থেকেও আমিনুর রহমানের পরিবারের জন্য সহযোগিতা করা হয়। আমিনুর রহমানের তিন ছেলের জন্য প্যান্ট-শার্ট এবং তার স্ত্রীর জন্য একটি শাড়ি উপহার দেওয়া হয়।
এ সময় ৯ নং সোরা যুবদলের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, “আমিনুর ভাইয়ের পরিবার আজ অসহায়। এখন সবাই মিলে তাদের পাশে দাঁড়ানো উচিত। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এলাকাবাসী বলেন, উপকূলের অসহায় মানুষের পাশে ডা. মণিরুজ্জামান সবসময় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন। বিশেষ করে নিহত আমিনুর রহমানের পরিবারের পাশে দাঁড়ানোয় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।