প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ — পাইকগাছায় ‘বাজেট ভাবনা’ সভায় খুলনা-৬ আসনের এমপি আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ
![]()
পাইকগাছা প্রতিবেদক:খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন, অগ্রগতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান কেমন হবে—তা সম্পূর্ণভাবে জাতীয় বাজেটের ওপর নির্ভর করে। তবে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার যে ঘাটতি দেখানো হয়েছে, তা পূরণে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যমাত্রা বা কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়নি। ফলে এই বিপুল পরিমাণ ঘাটতি পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ১৩ জুন শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত "বাজেট ভাবনা" বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্থানীয় পর্যায়ে প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী ও সময়োপযোগী অনুষ্ঠানের আয়োজন করায় উপস্থিত সুধীজন সংসদ সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এমপি আবুল কালাম আজাদ বাজেটে কর থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা প্রকাশ করে বলেন, "বার্ষিক আয়ের উপর করের হার কিছুটা কমিয়ে আনলে করদাতার সংখ্যা বাড়তো এবং তাতে চূড়ান্তভাবে রাজস্ব আয় বৃদ্ধি পেত।" বাজেটের ঘাটতি মেটাতে কেবল সাধারণ মানুষের ওপর করের বোঝা না বাড়িয়ে স্থানীয় পর্যায়ে নতুন আয়ের খাত সৃষ্টি এবং দেশের ধনাঢ্য ব্যক্তিদের করের আওতায় আনার জোর দাবি জানান তিনি। সংসদ সদস্য তাঁর বক্তব্যে স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, সুন্দরবনের উৎপাদিত খাঁটি মধু বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা সম্ভব হলে প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আয় করা সম্ভব। স্থানীয় পর্যায়ে যদি এই ধরনের নতুন এবং সম্ভাবনাময় আয়ের উৎস তৈরি করা যায়, তবে জাতীয় বাজেট বাস্তবায়ন অনেকটাই সহজ ও গতিশীল হবে। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও স্থানীয় পর্যায়ে রাজস্ব বৃদ্ধি এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক চেহারা বদলে দিতে বিভিন্ন গঠনমূলক মতামত তুলে ধরেন। তাঁরা সুন্দরবনকে কেন্দ্র করে আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন, মৎস্যজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বিনোদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান ও সরকারের আয় বৃদ্ধির জোর দাবি জানান।
উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. জিএম বুলবুল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাও. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাও. আলতাফ হোসেন এবং সহকারী সেক্রেটারি মাও. আব্দুল খালেক। সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে আরও বক্তৃতা করেন মেয়র পদপ্রার্থী অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাও. আব্দুল সাত্তার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জিএম আককাছ আলি, সাবেক সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বাহারেুল আলম, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মোঃ আব্দুল আলীম, আব্দুর রাজ্জাক বুলি, পৌর সহ. সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, শিক্ষক তাপস কুমার দে, চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন, অ্যাড. বেলাল উদ্দিন, মাও. আমিনুর রহমান সিরাজী, রিয়াজুল ইসলাম এবং মুজাহিদুল ইসলাম প্রমুখ।
https://satnadee.com/