প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে গ্রামবাসীর ভোজ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কার হিসেবে দেওয়া গরু ও ছাগলের মাংস দিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর জন্য ভোজের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর মিঠাবাড়ি ঈদগাহ ময়দানে এ ভোজের আয়োজন করা হয়। এতে একটি গরু ও একটি ছাগলের মাংস দিয়ে মোট ২৪ ডেগ খিচুড়ি রান্না করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনি, ধারাভাষ্যকার অলিউল ইসলাম ওলি, জাকির হোসেন, আলমগীর হোসেন, টুর্নামেন্টের রেফারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মিঠাবাড়ি বহুমুখী সংঘের সভাপতি স. ম. লিয়াকত আলীর উপস্থিতিতে ভোজের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংঘের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান আতা ও মোশাররফ হোসেন।
আয়োজকরা জানান, সম্প্রতি মিঠাবাড়ি বহুমুখী সংঘের উদ্যোগে নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি গরু দেওয়া হয়। সেই গরু ও একটি ছাগলের মাংস দিয়ে স্থানীয় গ্রামবাসীর জন্য এই ভোজের আয়োজন করা হয়।
ভোজে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন। আয়োজকদের এমন উদ্যোগে গ্রামবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
https://satnadee.com/