প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ
দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

মোমিনুর রহমান: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা থানার উদ্যোগে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা থানার আয়োজনে থানা অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সভায় উপজেলার ২১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, উপজেলা পূজা উদ্যাপন ফান্ডের সভাপতি অসীম ঘোষ এবং নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলার ২১টি পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থেকে নিজ নিজ এলাকার বিভিন্ন প্রস্তুতি ও নিরাপত্তার বিষয় তুলে ধরেন।
বক্তারা বলেন, "ধর্ম যার যার, দেশ সবার।" সকল ধর্মের মানুষের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রেখেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় দেবহাটার প্রতিটি শারদীয় দুর্গাপূজা নিরাপদ, আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
https://satnadee.com/