মোমিনুর রহমান, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা বলয় জোরদার ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরাণ্বিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহু প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।
রবিবার সকাল ১০টায় উপজেলার ২ নম্বর পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এক অত্যন্ত উৎসবমুখর, আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে এ কল্যাণমুখী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। ফ্যামিলি কার্ড প্রদানের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু বলেন, "পারুলিয়া ইউনিয়নের প্রতিটি মেহনতি ও সুবিধাবঞ্চিত মানুষের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের অঙ্গীকার। এই ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের প্রান্তিক জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে এবং সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মহিউদ্দিন সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পারুলিয়া ইউনিয়নের মেহনতি ও খেটে খাওয়া মানুষ তাদের কাঙ্ক্ষিত সুফল পাবেন। বর্তমান সময়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের এমন সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ সত্যিই প্রশংসার দাবিদার।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম ফ্যামিলি কার্ডের নানা সুবিধা ও টেকসই সামাজিক নিরাপত্তার কৌশলগত দিক তুলে ধরেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সমাজসেবা দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কার্ডের সঠিক ব্যবহার এবং জনগণের অধিকার সংক্রান্ত বিষয়াশয় বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পারুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব, সর্বস্তরের ইউপি সদস্যবৃন্দ, কর্মসূচির মাঠপর্যায়ে নিয়োজিত তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কয়েকজন সুবিধাভোগীর হাতে বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড তুলে দেন। কার্ড হাতে পেয়ে স্থানীয় বাসিন্দারা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ কর্মসূচি পারুলিয়া ইউনিয়নের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।