
মোমিনুর রহমান, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটায় হিজড়াদের নানা হয়রানি ও অত্যাচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। সম্প্রতি দেবহাটা সদরের রত্নেশ্বরপুরের বাসিন্দা আজগার আলীর কাছ থেকে জোরপূর্বক ২০ হাজার টাকা জরিমানা আদায়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে স্থানীয়রা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টায় রত্নেশ্বরপুর, রহিমপুর ও পাঁচপোতা এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক বিএনপি নেতা কাদির মোড়লের সভাপতিত্বে এবং স্থানীয় সমাজসেবক কামরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্য আবুল খায়ের ডাবলু, আলমগীর কবির বাবুল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, বিএনপি নেতা জাহিদ হাসান আনোয়ার, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, জোহর আলী গাজী, ইসমাইল গাজী, হোসেন গাজী এবং জামাত আলী সরদার প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি একদল হিজড়া স্থানীয় বাসিন্দা আজগার আলীর বাড়িতে গিয়ে তাদের বাচ্চা নাচানোর নামে পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। অসহায় আজগার আলী দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হিজড়ারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জেরে হিজড়ারা মারপিটের অভিযোগ তুলে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে উভয় পক্ষের উপস্থিতিতে আজগার আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সমাবেশে বক্তারা হিজড়াদের এ ধরনের জুলুম, চাঁদাবাজি ও অত্যাচার দ্রুত বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।