মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'উত্তরণ' ও দেবহাটা উপজেলা পানি কমিটির যৌথ উদ্যোগে পারুলিয়া ট্রেড স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল।
উপজেলা পানি কমিটির সম্পাদক প্রফেসর রাজু আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ারেছীন কবির, উত্তরণের প্রকল্প কর্মকর্তা দিলীপ কুমার সানা, টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফছার আলী, উত্তরণের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি এবং প্রকল্প মাঠ সংগঠক গোলাম হোসেন।
সভায় বক্তারা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত সচল করার ওপর জোর দেন। একই সাথে প্রাকৃতিক প্রবাহ স্বাভাবিক রাখতে এলাকার নদ-নদী, খাল ও ড্রেনেজ ব্যবস্থা জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানানো হয়।
পানির মূল আধার হিসেবে সরকারি খাল পুনঃখননের ওপর গুরুত্ব আরোপ করে বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা মেনে সরকারি খালগুলো খনন করা হলে এলাকার পানির তীব্র সংকট অনেকটাই দূর হবে।
সভা থেকে দেবহাটা অঞ্চলের পানির সমস্যা সমাধানে টেকসই পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় স্থানীয় পানি কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।