দেবহাটায় উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের রথযাত্রা
লিটন ঘোষ বাপি, দেবহাটা প্রতিনিধি: উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। প্রতিবছর আষাঢ়ের শুরুপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলার পর এ অনুষ্ঠানটি শেষ হয় উল্টো রথযাত্রার মধ্যদিয়ে। সে মোতাবেক গত ১৬ জুলাই বৃহস্পতিবার রথযাত্রা উৎসব শুরু হয়। আর ২৪ জুলাই শুক্রবার তা শেষ হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ইশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাঁকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। উল্টো রথে জগন্নাথ দেবকে দেবহাটার পারুলিয়া সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির থেকে সখিপুর ও পারুলিয়া মেইন সড়ক হয়ে পারুলিয়া ঘোষপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে নিয়ে আসা হয় এবং পরবতীতে সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। কথিত আছে, সত্যযুগে ইন্দ্রদন্য রাজার স্ত্রী গু-িচাকে শ্রীকৃষ্ণ সন্তান হিসেবে প্রতিবছর নয়দিন তাঁর কাছে থাকার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন।
সেই প্রতিশ্রুতি রাখার জন্যই রথের শুরুর দিন এবং উল্টো রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবৎকথা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। উল্টো রথযাত্রা উপলক্ষে শুক্রবার বিকেলে বিশাল শোভাযাত্রা বের করা হয়। উল্টো রথযাত্রা শেষে আশ্রমে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।