নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩০০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা-৩৩ বিজিবি থেকে ১৫ প্লাটুন বিজিবি সদস্য কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় দায়িত্ব পালন শুরু করেছেন।
সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটারের মধ্যে আরও ৯টিসহ মোট ৩৮টি পূজামণ্ডপ রয়েছে। এসব পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে যশোর রিজিয়নের আওতাধীন এলাকায় মোট ২২২টি পূজামণ্ডপে প্রায় ২ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।