নিজস্ব প্রতিনিধি: গেল কয়েক দিনের গোপালগঞ্জের রাজনৈতিক সহিংসতা ও সড়ক অবরোধের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। দুই দিন পর আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। এর আগে গত বুধবার বিকাল থেকে সাতক্ষীরা থেকে গোপালগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার সকাল ৬টার পর থেকে এ মহাসড়কে আবারও বাস চলাচল শুরু হয়। তবে রাজবাড়ি জেলার দৌলদিয়া ঘাটে ফেরিপার হয়ে হানিফ এন্টার প্রাইজ, এসপি গোল্ডেন লাইন, সাতক্ষীর লাইন, মাস্টার ট্রাভেলস, সায়রা পরিবহন, সুন্দরবন লাইন, মামুন এন্টার প্রাইজ, এইচ আর পরিবহন সহ ১০ থেকে ১৫ টি কোম্পানির গাড়ি চলাচল স্বাভাবিক ছিল।
সাতক্ষীরা লাইনের কাউন্টার ম্যান মোকলেছুর রহমান জানান, দু’দিন সাতক্ষীরা-গোপালগজ্ঞ রুটে গাড়ি চলাচল বন্ধ ছিল । পরিস্থিতি স্বাভাবিকের কারণে আজ থেকে ওই রুটে বাস চলাচল করছে। টুংগীপাড়া এক্সপ্রেসের কাউন্টার ম্যান মনিরুল ইসলাম বলেন, বুধবার রাত থেকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ ছিল।
শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জের রুট দিয়ে তাদের গাড়ি আগের নিয়মে চলছে। ইমাদ পরিবহনের কাউন্টারম্যান জাহাঙ্গীর হোসেন বলেন, শুক্রবার সকাল থেকে তাদের গাড়ি স্বাভাবিক নিয়মে চলছে। তবে টিপের সংখ্যা কমেছে।
সাতক্ষীরা জেলা পরিবহন ম্যানেজার এ্যাসোসিয়েশনের সভাপতি সরদার মুকুল জানান, শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা লাইন, এসপি গোল্ডেন লাইন, এইচ আর পরিবহন সহ ১৫টি কোম্পানির গাড়ি সাতক্ষীরা থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা হয়ে পদ্মাসেতু পারাপারে চলাচল করছে।
তবে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক দেখা গেলেও এখনও শঙ্কা কাটেনি পরিবহন মালিকদের মধ্যে। এ অবস্থায় অনেকে রিস্ক নিয়ে গোপালগঞ্জ রুটে পরিবহন চলাচল করছে। রাতের পরিস্থিতি দেখে শনিবার সকাল থেকে আগের নিয়মে গাড়ি চলবে বলে জানান তিনি।