প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৮:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ

নগরঘাটা প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় বিথী আইডিয়াল স্কুলে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরঘাটা ইউনিয়নের বিথী আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০০ শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছি। বিথী আইডিয়াল স্কুলে নজরুল বর্ষ উপলক্ষে আজকের এই কর্মসূচি আমাদের মুগ্ধ করেছে। কোমলমতি শিশুদের হাতে গাছের চারা তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা এসব চারা নিজ নিজ বাড়িতে রোপণ করবে এবং গাছের সঙ্গে সঙ্গে তারাও সুন্দরভাবে বেড়ে উঠবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীসহ সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
পরে তিনি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিথী আইডিয়াল স্কুলের পরিচালক ও সাবেক ইউপি সদস্য আব্দুল আলীমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা অসিত কুমার মণ্ডল, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহাব্বত আলী সরদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম হায়দার আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল এবং তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল হক।
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
https://satnadee.com/