নজরুল ইসলাম, তালা থেকে: চুরি, জুয়া ও মাদকের বিস্তার রোধ, সরকারি সম্পদ রক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা পরিষদ চত্বরে সিসি ক্যামেরা স্থাপন, স্কুলের পাশে সিগারেট বিক্রি ও ধূমপান বন্ধ, শিক্ষার্থীদের মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে আসা নিয়ন্ত্রণ, রাতে সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং প্রশাসনিক সেবা নিতে আসা মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ন দেবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার তানভীর আহমেদ, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত-আল-মারুফ, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইদ্রিস আলী বক্তব্য দেন।
আরো বক্তব্য দেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক (লিটু), ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা প্রেসক্লাবের জেষ্ঠ্য যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক এস.এম জহর হাসান সাগর, তালা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ চন্দ্র মজুমদার, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সহবিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। চুরি, জুয়া ও মাদক প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সরকারি গাছ কাটা বন্ধ এবং জননিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে সিসি ক্যামেরা স্থাপন এবং রাতে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য নিরাপত্তাকর্মী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নেই—এমন সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি ও ধূমপান বন্ধ, শিক্ষার্থীদের মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে বিদ্যালয়ে আসা নিয়ন্ত্রণ এবং শিক্ষার পরিবেশ সুরক্ষার বিষয়টি সভায় গুরুত্ব পায়। পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি, ভোগান্তি বা অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।