প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ৯:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
জমি লিখে দিতে চাপ ও প্রাণনাশের হুমকি ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে: থানায় জিডি

এস কে সিরাজ, শ্যামনগর,থেকে: সাতক্ষীরার শ্যামনগরে জমি-জায়গা লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি, টাকা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোঃ ইউনুচ গাজী (৬৯) নামে এক বৃদ্ধ।
সোমবার (১২ অক্টোবর) শ্যামনগর থানায় হাজির হয়ে তিনি এ বিষয়ে সাধারণ ডায়েরির আবেদন করেন। ইউনুচ গাজী উপজেলার গাবুরা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
জিডির আবেদনে ইউনুচ গাজী অভিযোগ করেন, তার ছেলে মোঃ বিল্লাল গাজী (৩৮) ও স্ত্রী মোছাঃ নূরনেছা বেগম (৫৭) দীর্ঘদিন ধরে তার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন। তাদের কথিত অনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তারা তার ওপর ক্ষিপ্ত হয়ে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর দুপুর ১টার দিকে তিনি বাড়িতে গেলে ছেলে ও স্ত্রী তার কাছে টাকা-পয়সা দাবি করেন এবং তাদের নামে জমি-জায়গা লিখে দেওয়ার জন্য চাপ দেন। এতে তিনি রাজি না হওয়ায় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের জন্য তেড়ে আসেন বলে অভিযোগ করা হয়েছে।
ইউনুচ গাজীর অভিযোগ, তাদের ইচ্ছামতো চলতে দিতে হবে, কোনো কাজে বাধা দেওয়া যাবে না এবং তাদের নামে জমি-জায়গা লিখে দিতে হবে—অন্যথায় তাকে যেকোনো সময় মারধর করে গুরুতর জখম কিংবা হত্যা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনার বিষয়ে হযরত আলী গাজী (৫৫), সাইফুল গাজী (৩৪)সহ স্থানীয় কয়েকজন অবগত রয়েছেন বলে জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভবিষ্যতে নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন ইউনুচ গাজী।
তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
https://satnadee.com/