প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১১:১৫ পি.এম
ছয় মাসে হাবিবুল্লাহ সিন্ডিকেট কামিয়েছে ৩ কোটি টাকার উপরে

# হাবিবুল্লাহর ৫০ লক্ষ টাকার বালু জব্দ করেনি প্রশাসন, নেপথ্যে অবৈধ অর্থ
# কয়েক কোটির ১৫/২০ টি বালুর গাদা নজরে আসছে না প্রশাসনের
# ছয় মাসে কপোতাক্ষ-খোলপেটুয়া থেকে ৬ কোটি টাকার বালু উত্তোলন
হাবিবুর রহমান, শ্যামনগর থেকে ফিরে:
দিনে আয় সাড়ে তিন লক্ষ। মাসে কোটির ওপরে। গত ৬ মাস ধরে চলছে অবৈধ বালু ব্যবসা। যুবদল নেতা হাবিবুল্লাহর নেতৃত্বে চলা এ অবৈধ বালু ব্যবসা হলো কপোতাক্ষ-খোলপেটুয়ার পেট চিরে সকাল-সন্ধ্যা বালু তোলা। অবৈধ এ বালু সিন্ডিকেট অর্থকড়ি খরচ করে দলীয় নেতাকর্মীসহ একাধিক প্রশাসনিক দপ্তরে। দৈনিক সাতনদী পত্রিকায় বালু লুটের সচিত্র প্রতিবেদন প্রকাশের জেরে উপরিমহলের নির্দেশে মোবাইল কোর্ট জরিমানাসহ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি ড্রেজার-কার্গো জব্দ করেছে। ৫টি ড্রেজার-কার্গো উদ্ধারে এখন দৌড়ঝাপ শুরু হয়েছে।

সরেজমিনে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের কপোতাক্ষ-খোলপেটুয়া নদের চরাঞ্চলে গিয়ে অবৈধ বালু লুটের মহোৎসবের চিত্র পাওয়া গেছে। সাতক্ষীরা-ভেটখালী সড়কের ফোর-লেনের নির্মাণ কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। এজন্য প্রয়োজন বিপুল পরিমাণ লোনাবালী। এই প্রকল্পের বালুর চাহিদা মেটাতে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহর নিকট ধর্না দেয় সাবকন্ট্রাক্টর মুছা এবং সড়ক ও জনপথের প্রকৌশলী...........। এরপর হাবিবুল্লাহর নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলা হয় কপোতাক্ষ-খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলনের। মে মাস থেকে শুরু হয় বালু উত্তোলন। ভাড়া করা হয় ৫টি ড্রেজার-কার্গো। এ সবের মালিক মারুফ, হাকিম, অয়েজ করুনী, ফারুখ ও মজিদ। গত মে মাস থেকে শুরু হয় বালু তোলা। প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ হাজার ঘনফুট বালু তোলা হতো। প্রতি ঘনফুট বালু বিক্রি হতো সাড়ে সাত টাকা। বালুর গাদা মালিক ঠিকাদারদের নিকট সাড়ে ৭ টাকায় প্রতি ঘনফুট বালু বিক্রি করতো। বালুর গাদা মালিক বালু কিনতো ড্রেজার কার্গো মালিকের নিকট থেকে। সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার প্রতি ঘনফুট বালু কিনতো সাড়ে ৭ টাকায়। ড্রেজার কার্গো মালিকরা প্রতি ঘনফুট পেতো আড়াই টাকা। উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুল্লাহ সিন্ডিকেট পেতো ৫০%। এই ৫০% ভাগ হতো স্থানীয় থেকে উপজেলা পর্যায়ের বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতাদের মধ্যে।

শ্যামনগর উপজেলা সদরে কর্মরত এমনকি জেলা সদর থেকেও কতিপয় সাংবাদিকরা প্রতিদিন হাজির হতো বালুর গাদায়, এদের দিতে হতো ২/৩ থেকে পাঁচ হাজার টাকা করে। স্থানীয় নৌ-পুলিশ ফাঁড়ি এবং শ্যামনগর থানাকেও দিতে হতো নিয়মিত মাসোয়ারা। সরকারি দলের জেলা পর্যায়ের একজন শীর্ষ নেতা এ সিন্ডিকেটের বটবৃক্ষ। প্রশাসনিক সাইটও দেখভাল করার দায়িত্ব এই বটবৃক্ষের। হাবিবুল্লাহ সিন্ডিকেটের ভাগ বাটোয়ারা হয় পয়সায়। স্থানীয় প্রশাসন দেখভাল করার দায়িত্ব ছিল জনৈক নেতার। তিনি ৯০ পয়সা লভ্যাংশ গ্রহণ করতেন। সাবেক ছাত্রলীগ নেতা আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়ায় আব্দুল্লাহ হেল বাকীর পুত্র আব্দুল্লাহ আল মামুন। তিনি স্থানীয় সাংবাদিকদের একাধিক সংগঠনের সদস্যদের সাথে সমন্বয় করতেন। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড, স্থানীয় থানা প্রশাসন, নৌ পুলিশ ফাঁড়ি সবই অন্ধ হয়ে যায় টাকার কাছে।
দৈনিক সাতনদীতে বালু লুটের সিরিজ প্রতিবেদনের পর টনক নড়ে প্রশাসনের। বিভাগীয় কমিশনারের নির্দেশে সাতক্ষীরা জেলা প্রশাসক অভিযান পরিচালনার নির্দেশ দেন। স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি ড্রেজার-কার্গো জব্দ করেছেন সাথে কিছু অবৈধ বালুর গাদাও জব্দ করা হয়েছে। এসব ড্রেজার-কার্গো ছাড়িয়ে নেওয়ার জন্য সিন্ডিকেট প্রধান যুবদল নেতা হাবিবুল্লাহ দৌড়াঝাপ শুরু করেছেন। গত রবিবার শ্যামনগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এই প্রতিবেদককে জানিয়েছিলেন গতকাল সোমবার উক্তবালু গাদা জব্দ করা হবে। কিন্তু জব্দকরা দুরে থাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাবিবুল্লাহর অবৈধ বালু গাদা থেকে ডাম্পার ট্রাকে বালু বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে প্রশাসন অজ্ঞাত কারণে নীরব। অভিযোগ উঠেছে অর্থকড়ির বিনিময়ে স্থানীয় প্রশাসন হাবিবুল্লাহর বালুগাদা দেখেও না দেখার ভান করছে। অপরদিকে আশাশুনি ও শ্যামনগর উপজেলার কপোতাক্ষ এবং খোলপেটুয়ার চরাঞ্চলে অসংখ্য বালু গাদায় ৮/১০ লক্ষ ঘনফুট বালু আছে। অবৈধ এ বালু গাদা জব্দ করা সহ তা বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা। কিন্তু প্রশাসনের সেদিকে কোন নজর নেই। অপরদিকে যুবদল নেতা হাবিবুল্লাহর ৫০ লক্ষ টাকার বালুগাদা প্রশাসন জব্দ করেনি অজ্ঞাত কারণে। এই বালু গাদা থেকে প্রতিদিনই ডাম্পারে বালু বিক্রি চালিয়ে যাচ্ছে হাবিবুল্লাহ। বালু সিন্ডিকেটের এক যুবদল নেতা একান্ত সাক্ষাৎকারে প্রতিবেদনের সকল তথ্য এই প্রতিবেদককে জানিয়েছেন। চলবে---
Copyright Satnadee 2026