
গোপালগঞ্জে বিএনপির এমপির মালিকানাধীন হাসপাতালে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে আর নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে চীনের শেনজেনে শীর্ষ সম্মেলনের আগে এই প্রথম শি, ট্রাম্প ও পুতিনকে একসঙ্গে দেখা গেছে।
নড়াইলে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।
নিহতদের মধ্যে একজনের নাম শাহিন এবং আরেকজনের নাম সোহেল বলে জানিয়েছে পুলিশ।
এর মধ্যে শাহিন উপজেলা কৃষক দলের এবং সোহেল উপজেলা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) নেতা বলে জানা যাচ্ছে।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কালিয়া থানার পরিদর্শক প্রদীপ মালাকার জানান, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা।
মিছিল শেষে ফেরার পথে সন্ধ্যায় ওই দুই বিএনপি নেতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
"তারা দু'জন একই মোটরসাইকেলে ছিলেন। মিছিলের বাকি লোকজন আগেই চলে গিয়েছিল। তারা পেছনে পড়ে গিয়েছিল। সন্ধ্যায় তাদেরকে আলাদা পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়," বলেন মি. মালাকার।
পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জে এমপি এসএম জিলানীর বাড়িতে মঙ্গলবার আগুন দেওয়ার পর বিএনপি দলীয় আরেক সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যার জেলা শহরের থানাপাড়া এলাকার ওই হাসপাতালে হামলার সময় সেখানে কয়েক ডজন রোগীরা ছিলেন বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আকস্মিক হামলায় তাদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।
এসময় নবজাতক কোলে এক নারীকে হাসপাতাল থেকে দৌড়ে বের হয়ে যেতে দেখা গিয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
অন্যদিকে, হাসপাতালের ভেতরে আটকে পড়া রোগীদের স্বজনদের কাউকে কাউকে বাইরে আহাজারি করতে দেখা যায়।
হাসপাতালের আসবাবপত্র ভাঙচুর করার পর তাতে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। পরে আশপাশের মানুষ পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি বাংলা