নিজস্ব প্রতিবেদক: গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান। আজ সোমবার (২ নভেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের জামতলা এলাকায় লংমার্চ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন ,‘লংমার্চ শেষ করে খুলনা বিভাগের ১০টি জেলা সফর করছেন। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে তৃণমূলের মানুষের মতামত নেয়া জরুরি। প্রথম লংমার্চের তুলনায় পরবর্তী লংমার্চগুলো আরও সফল হয়েছে। সর্বশেষ খুলনা-কুষ্টিয়া লংমার্চে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। নারী-পুরুষ নির্বিশেষে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মানুষ স্বাগত জানিয়েছেন। তাদের কণ্ঠে বারবার একদফা আন্দোলনের দাবি শোনা গেছে।
রাশেদ প্রধান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেও তারা গণভোট আগে আয়োজনের দাবি জানিয়েছিলেন। কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের মাধ্যমে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে কোনো নির্বাচন আয়োজনের আগে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, যাতে দেশে আর কোনো স্বৈরাচারী ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি সরকারের কার্যক্রমে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। আগামীতে সিলেটে লংমার্চ এবং পরবর্তী সময়ে ঢাকায় বিভাগীয় মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সারাদেশ থেকে লংমার্চ করে ঢাকায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে।’
সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে একদফা অর্থাৎ সরকার পতনের আন্দোলনের উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদে গণভোটের রায় মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে । অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া উচিত নয়।
মতবিনিময় সভা শেষে তিনি সাতক্ষীরাবাসীকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।