মেহেদী হাসান: খুলনায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও এর হালনাগাদ ব্যবস্থাপনা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন এবং খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ ইতোমধ্যে শুরু হয়েছে। এ পরিস্থিতিতে রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানে প্রতিদিন দুই দফায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। তার মতে, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোগীর সংখ্যা কমিয়ে হাসপাতালের ওপর চাপ কমানোই এখন প্রধান লক্ষ্য।
জলাবদ্ধতাকে ডেঙ্গু বিস্তারের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রশাসক বলেন, এ সমস্যা সমাধানে ধারাবাহিকভাবে কাজ চলছে এবং ইতোমধ্যে কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় নতুন উদ্যমে আরও বিস্তৃত কার্যক্রম গ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, খুলনা শাখার আহ্বায়ক প্রফেসর ডা. পরিতোশ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম মাসুদ, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ আমানুল ইসলাম এবং হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. শেখ মোয়াজ্জেম হোসেন। ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, চিকিৎসা পদ্ধতি এবং ব্যবস্থাপনা নিয়ে কী-নোট উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো. নাজমুল কবির এবং ডা. মোহাম্মদ কবীর উল ইসলাম।