
খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
কেএমপি সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ০৮ জুন সন্ধ্যা ৬টা থেকে ০৯ জুন সকাল ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা থানা থেকে ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ৯ জন, লবণচরা থানা থেকে ৪ জন, হরিণটানা থানা থেকে ২ জন, খালিশপুর থানা থেকে ৪ জন, দৌলতপুর থানা থেকে ২ জন, আড়ংঘাটা থানা থেকে ২ জন, খানজাহান আলী থানা থেকে ২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কেএমপি জানিয়েছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।