
কালিগঞ্জ প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে বোরো ধান চাষিদের সরকারি তালিকা বাদ দিয়ে, ভুয়া তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অভিযোগ করেন উপজেলার হাফেজ খায়রুল বাশার নামে একজন ।
লিখিত অভিযোগে বলা হয়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২৬ মৌসুমের বোরো ধান চাষিদের সরকারি তালিকার শিরোনাম পরিবর্তন করে সেটিকে ‘সরকারি অনুদান হিসেবে প্রতি বিঘা জমির জন্য দুই হাজার টাকা করে চাষিরা পাবেন’—এমন বিভ্রান্তিকর শিরোনামে প্রচার করা হয়েছে। অথচ মূল তালিকাটি ছিল সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহের জন্য সরকারের নির্ধারিত নীতিমালার আওতায় আবেদনকারী বোরো চাষিদের তালিকা।
অভিযোগে আরও বলা হয়, এ ধরনের বিকৃত তথ্য প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানির অপচেষ্টা চালানো হয়েছে।অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বিষয়টি বিধি অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন।
এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।