শেখ আহসান হাবিব, কালিগঞ্জ (উপজেলা) প্রতিনিধি:কালিগঞ্জ উপজেলার নৈহাটি এলাকায় পাট ডুবানোকে কেন্দ্র করে ১ দিনমজুরকে মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা এবং শ্রমিকদের মজুরির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের ছেলে মো. হাবিবুর রহমান বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে দিনমজুর মো. আবু তালেব গাজী স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলামের পাট ডুবানোর কাজে নৈহাটি এলাকার একটি সরকারি খালে যান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পাট ডুবানোর সময় আগে থেকে পানিতে ডুবিয়ে রাখা অন্য একটি পাটের সঙ্গে স্পর্শ লাগাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, কিনো (কিনু) গাজীর ছেলে আইনুল গাজী (৩২) এবং তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আবু তালেব গাজীর ওপর হামলা চালান। এ সময় তাঁকে বাঁশের লাঠি ও লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। এতে তাঁর বাম হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে যায় এবং কপাল ও নাকে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও বলা হয়েছে, হামলার একপর্যায়ে খালের পাড়ে রাখা আবু তালেব গাজীর শার্টের পকেটে থাকা শ্রমিকদের মজুরির ৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।গুরুতর আহত অবস্থায় আবু তালেব গাজীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”