মো. ইশারাত আলী :দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশের পর লকারের তালা ভেঙে স্বর্ণ, রুপা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে ।শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালিগঞ্জ উপজেলার নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। সকালে দোকান খুলতে এসে বিষয়টি জানতে পারেন মালিক। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। সকালে দোকানে এসে শাটার ভাঙা অবস্থায় দেখতে পান মালিক নলতা গ্রামের কালিদাস স্বর্ণকার। ভেতরে ঢুকে তিনি লকারও ভাঙা দেখতে পান।দোকান মালিকের দাবি, লকারে রাখা স্বর্ণ ও রুপার বিভিন্ন অলংকার এবং নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ঠিক কী পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ টাকা খোয়া গেছে, তা এখনো নির্ধারণ করা যায়নি। মালামালের হিসাব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দোকানটি পরিদর্শন করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন,এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।