প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা

কলারোয়া প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন, সেবা সহজীকরণ ও জবাবদিহিতা নিশ্চিতকরণে "বর্তমান সরকারের পরিকল্পনা ও আমাদের করণীয়" শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও স্থানীয় সরকার,খুলনা বিভাগের পরিচালক(চলতি দায়িত্ব) আবু সায়েদ মোঃ মনজুর আলম।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন শিক্ষক-কর্মকর্তা, অভিভাবক, গণমাধ্যমকর্মী, স্কুল ম্যানেজমেন্ট কমিটির (এসএমসি) সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সেবাগ্রহীতা ও সেবাদাতার মধ্যে বাধাহীনভাবে সেবা প্রদান করা গেলেই সেবা সহজীকরণ হবে। এছাড়া তিনি সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ও সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান, আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম ও সঞ্জয় সরকার, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আরিফুজ্জামান কাঁকন প্রমুখ।
https://satnadee.com/